২০২৩-এর পর ইউরোপে গ্যাসের দাম সর্বোচ্চ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাজারে ইউরোপের প্রধান গ্যাস সূচক ডাচ টিটিএফের দাম আরও ঊর্ধ্বমুখী হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তা বাজারে সরবরাহ সংকটের শঙ্কা তৈরি করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইউরোপের বেঞ্চমার্ক গ্যাস ফিউচার সর্বোচ্চ ৪ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। পরে কিছুটা কমলেও দাম ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। চলতি সপ্তাহেই অক্টোবরের গ্যাস চুক্তির দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

এদিকে যুক্তরাজ্যেও গ্যাসের দাম বেড়ে ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপীয় বাজারে এই ঊর্ধ্বগতি শীত মৌসুম সামনে রেখে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ আরও ব্যাহত হতে পারে। এতে ইউরোপের জ্বালানি বাজারে চাপ বাড়ার পাশাপাশি শিল্প ও ভোক্তা পর্যায়েও খরচ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন