ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ৯৪ বছর বয়সী আইনজীবী গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে ৯৪ বছর বয়সে গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ ইহুদি মানবাধিকার আইনজীবী মার্গারেট ওয়েন। লিভারপুলে লেবার পার্টির সম্মেলনের বাইরে আয়োজিত একটি বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়।

মার্গারেট ওয়েন দীর্ঘদিন ধরে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। সংগঠনটিকে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় নিষিদ্ধ করার পর থেকে লন্ডনে প্রায় এক ডজন বিক্ষোভে অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, তিনি গণহত্যার বিরোধিতা করেন এবং প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করেন। একই বার্তা লেখা একটি প্ল্যাকার্ড তার বাড়ির জানালাতেও লাগানো ছিল।

ওয়েন জানান, গ্রেপ্তার হওয়ার জন্য তিনি কয়েক মাস ধরেই অপেক্ষা করছিলেন। এমনকি নিজের ছবি তুলে মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠিয়ে তিনি বিষয়টি স্বীকারও করেছিলেন। তবে পুলিশ তখন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।

তার ভাষ্য, পুলিশ সম্ভবত তাকে গ্রেপ্তার করতে চাইছিল না, কারণ ৯৪ বছর বয়সী একজন প্রবীণ মানবাধিকার আইনজীবীকে গ্রেপ্তারের ঘটনা গণমাধ্যমে বড় খবর হয়ে উঠতে পারত। শেষ পর্যন্ত লিভারপুলে অনুষ্ঠিত বিক্ষোভে তাকে আটক করা হয়।

ওয়েন বলেন, ওই বিক্ষোভে তিনিই সবচেয়ে বেশি বয়সী অংশগ্রহণকারী ছিলেন। ২০১৩ সালে নারীদের মানবাধিকার, বিশেষ করে বিধবাদের অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মাননা পান তিনি। এ ছাড়া তিনি এড মিলিব্যান্ডের প্রয়াত মায়ের বন্ধু হিসেবেও পরিচিত।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, ওই একই বিক্ষোভ থেকে মোট ৮২ জনকে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে কোনো সামগ্রী পরা বা বহনের সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

মার্গারেট ওয়েনের গ্রেপ্তারের বিষয়ে মেট্রোপলিটন পুলিশ সরাসরি মন্তব্য করেনি। তবে বাহিনীটি জানিয়েছে, কোনো সময় কর্মকর্তারা অপরাধ সংঘটিত হতে দেখেননি অথবা গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত মানদণ্ড পূরণ হয়নি, এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার নাও হতে পারে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত