যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্ষমতাসীন দলের প্রধান বিরোধী লেবার পার্টির কিয়ার স্টারমার। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। হতাশাজনক এই ফলাফলের পরই পরাজয় স্বীকার করে নিয়েছেন সুনাক। তিনি এই ফলাফলে দুঃখ প্রকাশ করে দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। একইসঙ্গে অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেছেন বিদায়ী এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। শুক্রবার (৫ জুলাই) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মূলত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা এখনও শেষ হয়নি। পূর্ণাঙ্গ ফলাফলের আগেই জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ৩৯৫ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ১০৪টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৬৫টি আসনে।
সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতোমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। আশা করা হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া লেবার পার্টি ৪১০টি আসনে জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে।
অবশ্য নির্বাচনে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।
ঋষি সুনাক বলেন, এই কঠিন রাতে, আমি আপনাদের অব্যাহত সমর্থনের জন্য রিচমন্ড এবং নর্থালারটন নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জিতেছে এবং আমি স্যার কিয়ার স্টার্মারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে তাকে ফোন করেছি।
আসন জয়ের পর কিয়ার স্টার্মার বলেছিলেন, ‘আজ রাতে এখানকার এবং দেশের মানুষ তাদের ভোট দিয়ে জানান দিয়েছেন তারা পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা কর্মক্ষমতার রাজনীতির অবসান ঘটাতে এবং জনসেবার রাজনীতিতে ফিরে আসতে চান।’
এসময় তিনি আরও বলেন, ‘পরিবর্তন এখান থেকেই শুরু হয়েছে…আপনি ভোট দিয়েছেন। এখন সময় এসেছে আমাদের তার প্রতিদান দেওয়ার।’
ব্রিটেনের নিয়ম অনুযায়ী, ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার।

