এমপিদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। এতে দেশটির সাবেক এমপি কিংবা প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন পাবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত বিলটি উত্থাপনের পর বিপুল ভোটে পাস হয়। ২২৫ সদস্যের লঙ্কান আইনসভায়, যেখানে ক্ষমতাসীন দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে- পেনশন আইন বাতিলের পক্ষে ভোট পড়েছে ১৫৪টি, আর বিপক্ষে মাত্র দুটি ভোট পড়েছে। 

সাবেক রাষ্ট্রপতিদের আবাসন, যানবাহন এবং হাজার হাজার দেহরক্ষী প্রত্যাহার করার কয়েক মাস পরেই রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ৪৯ বছরের পুরনো সংসদীয় পেনশন আইন বাতিল করে।

এ বিষয়ে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় শ্রীলঙ্কার বিচার বিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা বলেছেন, ‘জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক এবং বক্তব্য দেখে, তখন তারা মনে করে যে এমপিরা পেনশন পাওয়ার জন্য উপযুক্ত নন।”

এদিকে পেনশন আইন বাতিল বিলের বিরোধিতা করে পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বলেন, ‘পদ ছাড়ার পর আইন প্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেনশন প্রয়োজন। যদি এটি বাতিল হয়ে যায়, অবসরকালীন জীবনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের চেষ্টা করবেন।

প্রসঙ্গত, পূর্ববর্তী আইন অনুযায়ী: শ্রীলঙ্কার সংসদ সদস্যরা কমপক্ষে পাঁচ বছর দায়িত্ব পালনের পর আজীবন পেনশনসহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার ভোগ করতেন। এমনকি সংসদ সদস্যের মৃত্যু হলে তার স্ত্রীও পেনশন সুবিধা ভোগ করতেন। আর সাবেক রাষ্ট্রপতিরা সরকারি অর্থায়নে জ্বালানি, সচিবালয় কর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তাসহ বিলাসবহুল যানবাহন পাওয়ার অধিকারী ছিলেন।

সূত্র: এএফপি

AHA
আরও পড়ুন