সমুদ্রের তলদেশে ভারতীয় পতাকা, গিনেস বুকে আন্দামান

আপডেট : ০৪ মে ২০২৬, ১১:০৯ এএম

নীল সমুদ্রের অতল গহ্বরে ভারতের জাতীয় পতাকা উন্মোচন করে এক অনন্য নজির সৃষ্টি করল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৬০/৪০ মিটারের বিশাল এক তেরঙ্গা পতাকা (তিন রঙের পতাকা) জলের তলায় মেলে ধরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চল। শনিবার স্বরাজ দ্বীপের বিখ্যাত রাধানগর সৈকতে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে।

অত্যন্ত সাহসিকতাপূর্ণ এই অভিযানে দক্ষ ডুবুরিদের পাশাপাশি অংশ নিয়েছিলেন ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যরা। মোট ২০০ জনেরও বেশি ডুবুরির অক্লান্ত পরিশ্রমে সমুদ্রের তলদেশে ভারতের গৌরব ছড়িয়ে পড়ে। বিশেষ বিষয় হলো, এই অভিযানে ফতেহ জাহান সিং, লাবণ্য ইরা এবং রণবিজয় সিং নামের তিন স্কুল শিক্ষার্থীও অংশ নিয়েছিল। ১৪ থেকে ১৬ বছর বয়সী এই কিশোর-কিশোরীরা যথাক্রমে গুরগাঁও, বেঙ্গালুরু ও দিল্লির বাসিন্দা। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তারা গর্বিত।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাডভেঞ্চার ট্যুরিজম বা রোমাঞ্চকর পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরাই এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য। মূলত পর্যটকদের আকর্ষণ করতে এবং আন্দামানের সমুদ্রের তলদেশের সৌন্দর্য বিশ্ববাসীকে দেখাতে এই রেকর্ড গড়ার পরিকল্পনা নেওয়া হয়।

পতাকা উন্মোচনের পরপরই শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক ঋষিনাথ লেফটেন্যান্ট গভর্নর ডিকে যোষীর হাতে স্বীকৃতির শংসাপত্র তুলে দেন। লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসনের শীর্ষ কর্তারা এই অসাধ্য সাধনের জন্য ডুবুরিদের সাহস ও চমৎকার সমন্বয়ের প্রশংসা করেছেন। তবে এখানেই শেষ নয়, আন্দামান প্রশাসন এখন স্বরাজ দ্বীপের লাইটহাউস ডাইভ সাইটে ‘সবচেয়ে উঁচু হিউম্যান স্ট্যাক’ তৈরির মাধ্যমে আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে।

SN
আরও পড়ুন