চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযান আরও বিস্তৃত হয়েছে। এবার তদন্তের মুখে পড়েছেন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিং। তাঁর বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করেছে চীনের কেন্দ্রীয় দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের ২৫ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, চেন জিনিংকে নিয়ে তদন্ত শুরুর মধ্য দিয়ে ২০২৫ সাল থেকে চীনের ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী সংস্থা পলিটব্যুরোর চার সদস্য তদন্তের আওতায় এলেন। ২০২২ সালে গঠিত ২৪ সদস্যের এই সংস্থায় ধারাবাহিক তদন্ত ও অপসারণের কারণে বর্তমানে সক্রিয় সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
চেন জিনিংয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা আসে গত মঙ্গলবার। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশন তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। চীনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর ক্ষেত্রে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘন’ শব্দবন্ধটি সাধারণত ব্যবহৃত হয়।
এর আগে পলিটব্যুরোর আরও তিন সদস্য হে ওয়েইদং, ঝাং ইউশিয়া ও মা শিংরুই দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় আসেন। তাঁদের মধ্যে হে ওয়েইদং ও ঝাং ইউশিয়া দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অন্যদিকে মা শিংরুই ছিলেন জিনজিয়াং অঞ্চলের সাবেক দলীয় প্রধান। তাঁদের বিরুদ্ধে তদন্তের পর দল থেকে বহিষ্কারসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
৬২ বছর বয়সী চেন জিনিং ২০২২ সাল থেকে সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বেইজিংয়ের মেয়র, চীনের পরিবেশ সুরক্ষামন্ত্রী এবং দেশটির মর্যাদাপূর্ণ সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে পরিবেশ প্রকৌশলে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন তিনি।
চীনের রাজনীতিতে সাংহাইয়ের দলীয় প্রধানের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এ পদে দায়িত্ব পালন করা একাধিক নেতা পরবর্তী সময়ে দেশটির কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। ফলে চেনের বিরুদ্ধে তদন্তকে ঘিরে আগামী দিনের নেতৃত্ব পুনর্বিন্যাস নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
২০১২ সালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে সাম্প্রতিক সময়ে দল ও সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক তদন্তের ঘটনায় এই অভিযানের ব্যাপ্তি নতুন করে আলোচনায় এসেছে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, পলিটব্যুরোর একাধিক সদস্যের বিরুদ্ধে তদন্ত চীনের শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ক্ষমতাসীন দলের ওপর চলমান শুদ্ধি অভিযানের ব্যাপকতাকে সামনে নিয়ে এসেছে।
তথ্যসূত্র: রয়টার্স ।
সৌদি আরবের তেল শোধনাগারে হামলা
ইসলামের প্রাথমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আনসাব আল-আশরাফ’ এবার ফারসিতে
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব