চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। চালের রপ্তানি শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রপ্তানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে ১০ শতাংশে।

সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতের চাল রপ্তানিকারকরা। দেশটির অন্যতম চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগার ওয়াল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ প্রসঙ্গে বলেন, সরকারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে গেম চেঞ্জারের ভূমিকা রাখবে। একদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসবে, অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন।

ভারতে চালের উৎপাদন হয় মূলত দেশটির পূর্ব, উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে। গত বছর ভারতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে চাল উৎপাদন ব্যহত হয়। ফলে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

AHA/FI
আরও পড়ুন