দীর্ঘ চোটজনিত অনিশ্চয়তা আর সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের দলে ফিরেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২৬ সদস্যের চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তি ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।
সোমবার (১৮ মে) রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এক জমকালো অনুষ্ঠানে দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তন উল্লাসে ফেটে পড়ে। এটি আনচেলত্তির অধীনে নেইমারের প্রথম ডাক।
ফিটনেসের কারণে নেইমারের দলে জায়গা পাওয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সন্দেহ ছিল। কিন্তু কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের জোরে তিনি সেই বাধা পেরিয়ে এসেছেন। এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

নেইমারের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্টে লিখেছেন, 'মন্তেভিদিওতে সেই চোটের পর থেকে যে যন্ত্রণা ও সংশয় তাদের তাড়িয়ে বেড়িয়েছে, আজ সবকিছু ছাপিয়ে আনন্দের দিন। তিনি উল্লেখ করেন, ছেলের জন্য যারা চিৎকার করে নাম ধরে ডেকেছে সেই শিশুদের হাসিমুখ আজ চোখে ভাসছে।'
তিনি আরও লিখেছেন, 'আমরা জানি তুমি এই মুহূর্তের জন্য কতটা অপেক্ষায় ছিলে, কত কষ্ট করেছ। সব সন্দেহ আর নীরবতা পেরিয়ে ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। অভিনন্দন বাবা! আরেকটি বিশ্বকাপে তোমার পাশে থাকব।'