ভারতের মুম্বাইয়ের বাস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ৪৯ জন। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১০টা নাগাদ মুম্বাইয়ে কুরলা এলাকায় যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। পরে বাসটি একটি আবাসনের মূল ফটকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রথমে চার জন পথচারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাত জন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (বেস্ট)-এর। যাত্রীদের নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বাসটির গতি বাড়তে থাকে। গতি কমানোর জন্য চিৎকার করতে থাকেন যাত্রীরা। তারপরেই ঘটে ওই দুর্ঘটনা।
এদিকে, নিহতদের প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের সরকার।