নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তবে তার অবস্থা খুব খারাপ হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ছাড় দেবে না।’
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ কর্মকর্তাদের স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, ‘নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সবকিছু খোলামেলা হবে, কোনো লুকোছাপা থাকবে না। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে আছে। আমাদের দায়িত্ব হলো একজন নাগরিক যাতে পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা।’
পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ছোট দল, বড় দল বা হেভিওয়েট-লাইটওয়েট প্রার্থী বলে কিছু নেই। সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে। নির্দেশনার পরেও যদি কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেন, তবে কমিশন তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যপন্থা অবলম্বন করে কাজ করতে হবে।’
বরিশালের রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে নারী প্রার্থী
