নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি)। এদিন বিকেল ৩টায় সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রথম অফিস এবং প্রথম ক্যাবিনেট বৈঠক ঘিরে সচিবালয় ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছাবেন।
সচিবালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রথম অফিস করবেন। সেখানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।
সচিবালয়ে দুপুরের খাবার ও নামাজের বিরতি শেষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর এটিই তাঁদের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। প্রধানমন্ত্রীর নির্ধারিত এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
