উদীচীর সাবেক সভাপতি সফিউদ্দিন আহমদ আর নেই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রগতিশীল চিন্তক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ আর নেই। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন। তার বর্ণাঢ্য শিক্ষা জীবন শুরু হয় রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয় থেকে। পরে ঢাকা কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি ভারতে যান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সাহিত্যের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। নেত্রকোণা কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য হিসেবে বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও সিলেটের এমসি কলেজে অধ্যাপনা করেন। 

সবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।

সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ড. সফিউদ্দিন আহমদ ২০১৬ সালে উদীচীর ২০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হন। দীর্ঘকাল তিনি এই প্রাচীন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখেছেন।

গবেষক ও প্রাবন্ধিক হিসেবেও তার খ্যাতি ছিল বিশ্বজোড়া। বিশেষ করে ‘ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট’ নিয়ে তার মৌলিক গবেষণা বাংলা সাহিত্যে আকর গ্রন্থ হিসেবে স্বীকৃত। ১৯ শতকের বাংলার রেনেসাঁ এবং বিশ্বসাহিত্যের বিশ্লেষণে তিনি অনন্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

DR/SN
আরও পড়ুন