যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ কতদিন স্থায়ী হবে সে বিষয়ে একটি সম্ভাব্য সময়সীমা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বুধবার (৪ মার্চ) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘এই যুদ্ধ ৩ সপ্তাহ ধরে চলতে পারে, আবার ৪ সপ্তাহ কিংবা ৬ সপ্তাহও হতে পারে। এমনকি ৮ সপ্তাহ পর্যন্ত সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।’
যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ‘এখন পর্যন্ত আমাদের নির্ধারিত গতি অনুযায়ী অভিযান চলছে। শত্রু (ইরান) বর্তমানে ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এবং আমরা তাদের এই অবস্থাতেই রাখতে চাই।’
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিবিড় আলোচনা চলে। তবে কোনো প্রকার সমঝোতা ছাড়াই ২৭ ফেব্রুয়ারি সেই সংলাপ শেষ হয়। এর ঠিক পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
যুক্তরাষ্ট্র তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) এবং ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ (Operation Roaring Lion)।
এর আগে গত ২ মার্চ, যুদ্ধের তৃতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে প্রতিরক্ষামন্ত্রীর নতুন এই মন্তব্যে যুদ্ধের মেয়াদ আরও দীর্ঘ হওয়ার ইঙ্গিত পাওয়া গেল।
সূত্র: এপি (AP)
হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক ও ১৫ হাজার পর্যটক আটকা
তেহরানে ফের ইসরায়েলের হামলা
