ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শিশুদের মানবিক, স্বাস্থ্যগত ও শিক্ষাগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নথিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) পরিবার ও বিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার সুরক্ষা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাহরা বেহরুজ-আজার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানি পরিবারগুলোর জীবন ও নিরাপত্তার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার সুযোগকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। রমজান যুদ্ধের সময় ইরানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব হামলা ইরানের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর অবৈধ আঘাত। একই সঙ্গে এগুলো জাতিসংঘ সনদের লঙ্ঘন।
তিনি বলেন, ‘আমরা এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসী হামলা এবং শিশুদের জীবন, জীবিকা, নিরাপত্তা ও শিক্ষার ওপর আঘাত হিসেবে বিবেচনা করি। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ ইরানের এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার নিন্দা জানানোর পাশাপাশি যুদ্ধের সুদূরপ্রসারী ও অদৃশ্য প্রভাবগুলোও খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে শিশুদের মানসিক, সামাজিক ও শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নথিবদ্ধ করতে হবে।
ক্ষতিগ্রস্তদের অধিকার প্রতিষ্ঠা এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন তিনি। জাহরা বেহরুজ-আজার বলেন, শিশুদের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
সূত্র: ইরনা
সর্বোচ্চ সমন্বয়ে পরিচালিত হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী: নৌ কমান্ডার
প্যারাগুয়ের ক্ষমতাচ্যুত পেনিয়া: কে এই নতুন প্রেসিডেন্ট আলিয়ানা?