কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী বা ‘স্লিপার সেল’ শনাক্তের পর ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন কুয়েতি নাগরিক এবং একজন বিদেশি নাগরিক। মন্ত্রণালয় জানিয়েছে, এই চক্রটি কুয়েতের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব ও নেতাদের ওপর গুপ্তহত্যার পরিকল্পনা করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও নেতাদের টার্গেট করে হামলার ছক কষছিল। একই সঙ্গে তারা এসব নাশকতামূলক কাজের জন্য নতুন সদস্য নিয়োগের কাজও চালিয়ে যাচ্ছিল।
কুয়েতি কর্তৃপক্ষ এই চক্রের সাথে সংশ্লিষ্ট আরও ১৪ জনকে শনাক্ত করেছে। তাদের মধ্যে ৫ জন কুয়েতি, ২ জন ইরানি এবং ২ জন লেবানিজ নাগরিক রয়েছেন। বাকি ৫ জন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কুয়েত সিটি থেকে মালিক ট্রাইনা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতে এটি তৃতীয় কোনো স্লিপার সেল শনাক্তের ঘটনা। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) একই ধরনের একটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত পুরো উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
কুয়েতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বার্তায় জানিয়েছে, দেশের নিরাপত্তা তাদের কাছে ‘রেড লাইন’ বা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকেই কোনো প্রকার ক্ষমা করা হবে না এবং অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।
ইরানি নাগরিকদের প্রবেশে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
