নাইজেরিয়ায় সহিংসতায় ২২ জনের প্রাণহানি

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৪ পিএম

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জোস-এ সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত সহিংসতায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের মুখপাত্র গ্যাব্রিয়েল ওগাবা সাংবাদিকদের জানান, গত শনিবার (২৮ মার্চ) প্রতিবেশী একটি রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান শেষ করে একদল মুসলিম কাফেলা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ২২ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বর্বরোচিত ঘটনার পর জোস শহর এবং আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের পুলিশ প্রধান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

নাইজেরিয়ার জোস শহরটি গত দুই দশক ধরে সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত সহিংসতার জন্য অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। সেখানে খ্রিষ্টান ও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে প্রায়ই ভূমি দখল এবং ধর্মীয় শ্রেষ্ঠত্ব নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এ হামলার নেপথ্যে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। সূত্র: আনাদোলু এজেন্সি

FJ
আরও পড়ুন