মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানিনির্ভর দেশগুলোকে নিজ দায়িত্বে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় যেসব দেশ, বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশ, জেট ফুয়েল বা বিমানের জ্বালানি সংকটে পড়েছে এবং ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি তাদের সামনে দুটি বিকল্প রয়েছে।
তিনি বলেন, প্রথমত, এসব দেশ চাইলে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত মজুত রয়েছে। দ্বিতীয়ত, তারা নিজেরাই হরমুজ প্রণালীতে গিয়ে তেল সংগ্রহ করতে পারে। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সহায়তা দেবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।
ট্রাম্প আরও মন্তব্য করেন, এখন সময় এসেছে নিজেদের জন্য নিজেরাই লড়াই করার। যুক্তরাষ্ট্র সবসময় সহায়তা করবে—এমন প্রত্যাশা রাখা উচিত নয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম দ্রুত বাড়ছে এবং অনেক দেশ সরবরাহ সংকটে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়তে পারে।
সূত্র: রয়টার্স
ইরান যুদ্ধের খরচ আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
হরমুজ অতিক্রম করলো চীনের তিন জাহাজ
