জব্দ জাহাজটি ‘দ্রুত’ ছাড়ার আহ্বান ইরানের

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ জব্দ হওয়ার ঘটনাকে ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে তেহরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সন্ত্রাসমূলক’ কাজ হিসেবে উল্লেখ করে জাহাজটি দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক করে রাখা হয়েছে। তেহরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইন এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে। একই সঙ্গে জাহাজ ও নাবিকদের ‘তাৎক্ষণিক মুক্তি’র দাবি জানিয়ে এর ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। তেহরান এই বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ ও নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

এদিকে ওমান সাগরে ইরানি জাহাজটি জব্দ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ‘তুসকা’র নাবিকরা প্রায় ছয় ঘণ্টা ধরে তাদের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। মার্কিন ডেস্ট্রয়ার ‘স্প্রুয়েন্স’ থেকে জাহাজটিকে ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সতর্কবার্তা না মানায় কামানের গোলা ছুড়ে ‘তুসকা’র ইঞ্জিন অচল করে দেওয়া হয় এবং জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান আবারও সামনে এসেছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে না।

YA
আরও পড়ুন