কমোড ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় তরুণের!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

চাকরি না পেয়ে হতাশ হয়ে ঘরে বসে না থেকে এক অদ্ভূত ও অবিশ্বাস্য ব্যবসায়িক বুদ্ধি খাটিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার তরুণ নিক গ্রিনাওয়াল্ট। নিজের শৌচাগারের ‘কমোড’কে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ভাড়া দিয়ে ইতোমধ্যে তিনি লক্ষাধিক ডলার আয় করেছেন।

শুরুটা হয়েছিল নিছক মজার ছলে। নিক গ্রিনাওয়াল্ট সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা দেন তিনি তার শৌচাগার থেকে ১০ লাখ ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন। অবিশ্বাস্য মনে হলেও, নিকের এই ‘আউট অফ দ্য বক্স’ আইডিয়াটি লুফে নিয়েছে বিশ্বের নামী-দামী সব ব্র্যান্ড।

নিকের কমোডে বিজ্ঞাপনের জায়গা কিনতে ভিড় জমাচ্ছে বড় বড় করপোরেট প্রতিষ্ঠান। ইতোমধ্যে বিখ্যাত ক্লিনিং ও হাইজিন পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘ক্লোরক্স’ (Clorox), ‘পাইন-সল’ (Pine-Sol) এবং ‘মিরালাক্স’ (Miralax) তার শৌচাগারে বিজ্ঞাপন দিয়েছে। এমনকি গ্রুমিং ব্র্যান্ড ‘ডক্টর স্কোয়াচ’ এবং ক্রিপ্টো পেমেন্ট প্রতিষ্ঠান ‘মুনপে’ (MoonPay)-ও এই তালিকায় নাম লিখিয়েছে।

মুনপে দাবি করেছে, তাদের বার্ষিক মার্কেটিং বাজেটের মাত্র ০.০৫ শতাংশ খরচ করে নিকের মাধ্যমে তারা যে সাড়া পেয়েছে তা অভাবনীয়। এই ক্যাম্পেইন থেকে তারা প্রায় ১০ লাখ ভিউ, এক হাজারের বেশি নতুন অনুসারী এবং অসংখ্য অ্যাপ ডাউনলোড পেয়েছে। নিকের পোস্ট করা ভিডিওগুলোর মধ্যে একটি ৪ কোটি এবং অন্যটি ১ কোটিরও বেশি বার দেখা হয়েছে।

নিকের এই সৃজনশীল চিন্তাভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল বিতর্ক ও প্রশংসা চলছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, প্রথাগত বিজ্ঞাপনের ধারণা ভেঙে নিক প্রমাণ করেছেন যে সৃজনশীলতা থাকলে যেকোনো মাধ্যম থেকেই আয় করা সম্ভব। এটি আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের একটি অপ্রচলিত কিন্তু অত্যন্ত কার্যকর উদাহরণ হয়ে থাকবে।

NB
আরও পড়ুন