আঞ্চলিক টেলিকম অবকাঠামোয় ইরানের হামলায় জাতিসংঘের নিন্দা

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৪৯ এএম

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোর টেলিকম অবকাঠামোয় ইরানের অব্যাহত সাইবার ও শারীরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। গত ফেব্রুয়ারিতে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নিল সংস্থাটি।

শনিবার (২ মে) ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে জানা গেছে- বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পক্ষ থেকে টেলিকম সেবা ব্যাহত হওয়ার অভিযোগ তোলা হয়। জর্ডানসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থায় ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গত শুক্রবার আইটিইউ-এর গভর্নিং বডি ‘আইটিইউ কাউন্সিল’ সর্বসম্মতিক্রমে ইরানের বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব গ্রহণ করে।

আইটিইউ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি বর্তমানে এই হামলার প্রভাব এবং আঞ্চলিক ও বৈশ্বিক কানেক্টিভিটির ওপর এর দীর্ঘমেয়াদী ফলাফল পর্যবেক্ষণ করছে। শিগগিরই এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিজেদের ক্ষতিগ্রস্ত টেলিকম অবকাঠামো পুনর্গঠনে জাতিসংঘের সহযোগিতা চেয়ে একটি পাল্টা প্রস্তাব দিয়েছিল ইরান। তবে সেই প্রস্তাবের ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। কূটনীতিকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে তেহরান এখন বৈশ্বিক চাপের মুখে রয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত