ইসরায়েলের দীর্ঘ দুই বছরের বর্বর হামলায় গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপের নগরী। এসব ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে এখনও অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে জানা গেছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে ইসরায়েলি গণমাধ্যম 'হারেৎজ' এই খবর নিশ্চিত করেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, দুই বছরব্যাপী যুদ্ধের পর গাজায় জমা হওয়া ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম এখন পর্যন্ত সরানো সম্ভব হয়েছে। সরঞ্জাম ও সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে এই কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। বর্তমান গতি বজায় থাকলে পুরো গাজা উপত্যকা পরিষ্কার করতে আরও প্রায় সাত বছর সময় লাগতে পারে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাজার হাজার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক পরিবার তাদের স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের জন্য ধ্বংসস্তূপের পাশে দীর্ঘ অপেক্ষায় প্রহর গুনছে।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি থাকলেও ইসরায়েল প্রায়শই তা লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির পরবর্তী সময়েও ইসরায়েলি হামলায় আরও ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।
দুই বছরব্যাপী চলমান এই ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ। গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ধ্বংসপ্রাপ্ত এই গাজা পুনর্গঠন করতে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হতে পারে।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে