বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার দিনেই মোদির এই আবুধাবি সফরকে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী মোদি আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
দুই দেশের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে।
এছাড়া ভারতের অবকাঠামো খাত, আরবিএল ব্যাংক এবং সাম্মান ক্যাপিটালে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি গুজরাটের দ্বারকা জেলার ভাদিনারে একটি জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপনের বিষয়েও চুক্তি হয়েছে।
সফরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন আমিরাতের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বর্তমানে আমিরাতে প্রায় ৪৫ লাখ ভারতীয় প্রবাসী বসবাস করছেন। বৈঠকে তাদের সুযোগ-সুবিধার বিষয়েও আলোচনা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে প্রধানমন্ত্রী মোদি ইউরোপের চারটি দেশ সফর করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাত থেকে যাবেন সুইডেনের গোথেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ব্যবসা সংক্রান্ত এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।