‘মহিষ কিনলে গরু ফ্রি’ অফারেও জমেনি গাবতলীর হাট

আপডেট : ২১ মে ২০২৬, ০২:৫০ পিএম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ও মহিষ আসতে শুরু করেছে। তবে হাটের আনুষ্ঠানিক প্রস্তুতি ও পশু আসার প্রক্রিয়া শুরু হলেও বেচাকেনা এখনও জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, এখনও পর্যাপ্ত পশু হাটে এসে পৌঁছায়নি। বর্তমানে হাটের বিভিন্ন অংশে বাঁশ-খুঁটি বসানোর কাজ চলছে। দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতারা মূলত পশুদের খাবার দেওয়া এবং বিশ্রামের মাধ্যমেই অলস সময় পার করছেন। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও জামালপুর থেকে আসা বেপারিরা জানান, তারা অনেকেই বিপুল সংখ্যক গরু নিয়ে হাটে হাজির হয়েছেন এবং আরও অনেক পশু আসার অপেক্ষায় রয়েছে। তবে এখন যারা হাটে আসছেন, তারা মূলত পশুর দাম ও বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। গোখাদ্য ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এবার বিক্রেতারা দাম কিছুটা বেশি চাচ্ছেন, অন্যদিকে ক্রেতারাও ঈদের আগমুহূর্তে দাম কমার অপেক্ষায় রয়েছেন।

হাটের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সবচেয়ে বড় চমক ও আলোচনার জন্ম দিয়েছে কেরানীগঞ্জের লাকীচর থেকে আসা মজিবুর রহমানের একটি বিশাল আকৃতির মহিষ। প্রায় ১ হাজার কেজি (এক টন) ওজনের এই মহিষটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতা মজিবুর রহমান এক অভিনব অফার ঘোষণা করেছেন। তিনি জানান, এই মহিষটি যিনি কিনবেন, তাকে ক্রেতা আকর্ষণের উপহার হিসেবে দুই মণ ওজনের একটি সাদা রঙের গরু সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে।

বিশাল মহিষ আর ফ্রি গরুর এই অফার দেখতে হাটে উৎসুক মানুষের ভিড় জমলেও, মূল বেচাকেনা পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন সময় লাগবে বলে আশা করছেন হাট কর্তৃপক্ষ ও খামারিরা।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত