যুক্তরাষ্ট্রে কারখানায় বিস্ফোরণ, প্রাণহানির আশঙ্কা

আপডেট : ২৭ মে ২০২৬, ০৮:০৫ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিক ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। 

এছাড়া দমকলকর্মীসহ অন্তত ১০ জন রাসায়নিকের সংস্পর্শে এসে দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (২৬ মে) ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় লংভিউ এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানির এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক এই বিস্ফোরণে পুরো শিল্প স্থাপনাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

লংভিউ ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক মিশ্রণ ‘হোয়াইট লিকার’ (White Liquor) ধারণকারী একটি ট্যাংক ফেটে যাওয়ার ফলে কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে ট্যাংকটিতে নির্দিষ্ট কী ধরনের রাসায়নিক ছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

উদ্ধার অভিযান ও হতাহতের খবর

ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে লংভিউ ও ভ্যাংকুভারের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যান। চিকিৎসাধীন ১০ জনের মধ্যে বেশ কয়েকজন রাসায়নিকে দগ্ধ ও অন্যান্যভাবে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

দমকলকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটলেও হতাহতদের পরিবারের সম্মতি না পাওয়া পর্যন্ত নিহত বা আহতদের পরিচয় ও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে আশস্ততার বিষয় হলো, এই বিস্ফোরণের ঘটনায় কারখানার আশপাশের সাধারণ বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

HN
আরও পড়ুন