দক্ষিণ লেবাননে একটি লেবানিজ সামরিক যানবাহনে হামলা চালিয়ে দুই কর্মকর্তা ও এক সেনাকে হত্যার পর এ ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
আরবি ভাষার মুখপাত্রের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, লক্ষ্যবস্তু হওয়া গাড়িটি একটি ‘সক্রিয় যুদ্ধাঞ্চলে’ অবস্থান করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকাটি পূর্বেই খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই অঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বাধ্য করা হয়েছিল এবং সেখানে সামরিক অভিযান চলছিল।
তবে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি এ অভিযোগ করেনি যে লেবাননের সেনাবাহিনীর গাড়িটি প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই সেখানে প্রবেশ করেছিল। বরং তারা বলেছে, যুদ্ধাঞ্চলে যেকোনো ধরনের চলাচলের জন্য ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় প্রয়োজন।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে ইসরায়েল। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনীর একটি যানবাহনে ইসরায়েলি হামলায় দুই কর্মকর্তা ও এক সেনা নিহত হন। ঘটনাটি নিয়ে দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র: আলজাজিরা
হিজবুল্লাহকে দোষী বানিয়ে ফায়দা লুটছে ইসরায়েল