রাহুলের স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ট্রিবিউট ম্যাচ

আপডেট : ১০ জুন ২০২৬, ১১:৪৭ এএম

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে এক বিশেষ ‘ট্রিবিউট এগ্‌জিবিশন ম্যাচ’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুন ইস্টবেঙ্গল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী আয়োজন।

কট্টর লাল-হলুদ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন রাহুল। তাঁর অন্যতম শেষ অভিনীত ছবি ‘ছবিওয়ালা’র মুক্তিকে সামনে রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন ছবিটির পরিচালক বাপ্পা। বাঙালির ফুটবল আবেগ ও সিনেমার মেলবন্ধনে আয়োজিত এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা’।

রাহুলের চেনা পরিচয় ছিল গ্যালারিতে তাঁর উচ্ছ্বাস, মশাল, জয়ধ্বনি আর ফুটবলপ্রীতি। সেই আবেগকে স্মরণ করতেই এবার মাঠে নামছেন টলিউড ও ইস্টবেঙ্গল পরিবারের একঝাঁক পরিচিত মুখ। প্রিয় সমর্থককে শ্রদ্ধা জানাতে বুট পায়ে সবুজ গালিচায় দেখা যাবে ইস্টবেঙ্গলের একাধিক প্রাক্তন তারকা ফুটবলারকে।

এই বিশেষ ম্যাচে অংশ নেবেন অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দে, মহম্মদ রফিক-সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তন ফুটবলার। আয়োজকদের ভাষায়, এই দলের ‘দ্বাদশ খেলোয়াড়’ থাকবেন রাহুল নিজেই— স্মৃতির মঞ্চে।

অনুষ্ঠান সফল করতে মাঠ ব্যবহারের অনুমতি ও সার্বিক সহযোগিতার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা নীতু সরকারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ‘ছবিওয়ালা’ টিম।

পরিচালক বাপ্পা বলেন, “মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ এবং এই মাঠের আবেগের মধ্য দিয়েই রাহুলদা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।”

AM/SN
আরও পড়ুন