২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও সন্তুষ্ট হতে পারছে না মরক্কো। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে ব্রাজিল হার এড়ালেও, জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা মরক্কো শিবির এই ড্রয়ে উল্টো হতাশ।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। তবে আফ্রিকান দলটি সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি; ভিনিসিয়ুসের গোলে দ্রুতই সমতায় ফেরে ব্রাজিল। বিরতির পর দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও ম্যাচের ভাগ্য আর বদলায়নি।
ম্যাচ শেষে মরক্কোর কোচ মোহাম্মদ উইয়াহবি নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমরা ভালো খেলেছি। লক্ষ্য ছিল জয়। কিন্তু ফুটবল এমনই। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি; তারা হতাশ, কারণ তারা জিততে চেয়েছিল। দলের ঘাটতিগুলো নিয়ে কাজ করার পাশাপাশি পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কমে যাওয়ার পেছনে ওখানকার গরম আবহাওয়াকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন মরক্কো কোচ।
ব্রাজিলের বিপক্ষে জয় না পেলেও এই ড্রয়ের মাধ্যমে একটি দারুণ রেকর্ড গড়েছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ল তারা। চলতি বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমানে এটিই যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড, যেখানে স্পেনের সংগ্রহেও রয়েছে সমান ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড।

গ্রুপপর্বে আশরাফ হাকিমিদের পরবর্তী ম্যাচ আগামী ১৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির মুখোমুখি হবে মরক্কো।
মরক্কোর বিপক্ষে ড্র, জয়ের অপেক্ষা বাড়লো ব্রাজিলের