মিশিগানে ভোটারদের সমর্থনের জোয়ারে আল-সাইয়িদ এগিয়ে 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগানে ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আবদুল আল-সাইয়িদ এক দিনে ২৪ লাখ (২.৪ মিলিয়ন) ডলারের বেশি নির্বাচনী তহবিল সংগ্রহ করে নতুন রেকর্ড গড়েছেন।

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই বিশাল অঙ্কের অর্থ তার প্রচার শিবিরে অভূতপূর্ব গতি এনে দিয়েছে।

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ডেমোক্র্যাট নাকি রিপাবলিকানদের হাতে থাকবে, তা নির্ধারণে এই মিশিগান আসনটি অত্যন্ত কৌশলগত ভূমিকা পালন করছে।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, আল-সাইয়িদের প্রচার দল নিশ্চিত করেছে যে ৬৫ হাজারের বেশি অনুদানকারী এতে অংশ নিয়েছেন, যাদের গড় অনুদান ছিল প্রায় ৩৬ ডলার।

তহবিল সংগ্রহের এই তালিকায় ২৯ হাজারের বেশি মানুষ ছিলেন নতুন অনুদানকারী। এটি প্রকাশ করে যে, চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে তৃণমূলের সমর্থন এখন তার পক্ষে।

সংগৃহীত এই বিপুল অর্থ শেষ মুহূর্তে টিভি বিজ্ঞাপন, ডিজিটাল প্রচারণা এবং ভোটারদের সরাসরি ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

এই রেকর্ড পরিমাণ অনুদানের ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ডেমোক্রেটিক কংগ্রেসউইম্যান হ্যালি স্টিভেন্স অপ্রত্যাশিতভাবে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়েছেন।

আগস্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে সাইয়িদের কাছে সামান্য ব্যবধানে হারার পর স্টিভেন্স নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বদলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

আল-সাইয়িদের প্রচারণা দলের মুখপাত্র কোল ওজনিয়াক এই মাইলফলককে মিশিগানের সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা ও পরিবর্তনকামী সামাজিক আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

ওজনিয়াক আরও জানান, নির্বাচনের এই চূড়ান্ত সময়ে রাজ্যের প্রতিটি মানুষের কাছে প্রার্থীর মূল বার্তা পৌঁছে দিতে সংগৃহীত অর্থ ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: দি নিউজ 

এইচএন
আরও পড়ুন