বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন ভেঙে গেলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও তাকে পুরো বিশ্বকাপ পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
সোমবার (১৪ জুন) মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন আরতানকে। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও একবার প্রবেশের ভিসা গ্রহণ না করে তাকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেন, সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
তবে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন আরতান। তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানান, ওই সংগঠনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
হতাশা প্রকাশ করে ৩৪ বছর বয়সী এই রেফারি বলেন, তার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র ও বৈধ ভিসা ছিল। বিশ্বকাপে দায়িত্ব পালন করা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর পর তুরস্কে ফিফা কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সহায়তা দেন। পরে তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে যান।
যদিও এবার বিশ্বকাপে কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না, তবুও ফিফা তাকে টুর্নামেন্টের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সাধারণত বিশ্বকাপে দায়িত্ব পালনকারী রেফারিরা টুর্নামেন্ট শেষ হওয়ার পর তাদের পারিশ্রমিক পান।
তবে এই হতাশার মধ্যেও সুখবর পেয়েছেন আরতান। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচটিতে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা।
সোমালিয়ায় ফিরে উষ্ণ সংবর্ধনা পাওয়া আরতান জানিয়েছেন, তার বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ নয়। ২০৩০ বিশ্বকাপে রেফারি হিসেবে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যেতে চান।
২০২৫ সাল ছিল তার ক্যারিয়ারের সেরা বছরগুলোর একটি। ওই বছরই তিনি প্রথম সোমালি রেফারি হিসেবে কোনো মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার ফাইনাল পরিচালনা করেন। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও আফ্রিকা কাপ অব নেশনসেও দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। সূত্র: বিবিসি
প্রশ্নের মুখে ব্রাজিলের দলগত পারফরম্যান্স
বিশ্বকাপ মিশনে জার্মানি-কিউরাসাও লড়াই আজ
২৮ বছর পর বিশ্বকাপ যাত্রা, জয় দিয়ে শুরু স্কটল্যান্ডের