মেসির ষষ্ঠ বিশ্বকাপে একাধিক মাইলফলকের হাতছানি

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:১০ পিএম

ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরু হয়েছে ১১ জুন। তবে শিরোপাধারী আর্জেন্টিনা এখনো মাঠে নামেনি। বুধবার (১৭ জুন) ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তবে এই বিশ্বকাপ শুধু আর্জেন্টিনার শিরোপা রক্ষার লড়াই নয়, এটি লিওনেল মেসির জন্যও হতে যাচ্ছে ইতিহাস ছোঁয়ার মঞ্চ।

বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছয়টি বিশ্বকাপের স্মৃতি এক ফ্রেমে তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০০৬ থেকে ২০২৬, দুই দশকের সেই যাত্রাকে তিনি প্রকাশ করেছেন মাত্র দুটি সংখ্যা আর একটি ফুটবল ইমোজিতে।

জার্মানিতে ২০০৬ বিশ্বকাপে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২, সবগুলো আসরেই খেলেছেন মেসি। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপ তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে বিশ্বকাপে ছয়বার অংশ নেওয়া প্রথম ফুটবলারদের একজন হতে যাচ্ছেন তিনি। একই কীর্তি গড়তে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং গুইয়ের্মো ওচোয়া।

তবে মেসির সামনে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে গোলের রেকর্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল ১৩টি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। অর্থাৎ মাত্র চার গোল করলেই রেকর্ডটি নিজের করে নিতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশ্য এই লড়াইয়ে তার বড় প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে তার গোলও ১৩টি, যা রেকর্ড দৌড়ে নতুন মাত্রা যোগ করেছে।

গোলের পাশাপাশি অ্যাসিস্টের রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে। বিশ্বকাপে এখন পর্যন্ত তার অ্যাসিস্ট সংখ্যা ৮। তালিকার শীর্ষে থাকা পেলের অ্যাসিস্ট ১০টি। অর্থাৎ মাত্র তিনটি অ্যাসিস্ট করলেই এককভাবে শীর্ষে উঠে যাবেন মেসি।

আরেকটি ফাইনালে উঠতে পারলেও নতুন ইতিহাস গড়বেন তিনি। এখন পর্যন্ত ২০১৪ ও ২০২২, দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন মেসি। তৃতীয় ফাইনালে উঠতে পারলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ফুটবলারদের বিশেষ তালিকায় জায়গা করে নেবেন।

এরই মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। তার ম্যাচ সংখ্যা ২৬। পেছনে তিন কিংবদন্তি লোথার ম্যাথাউস, মিরোস্লাভ ক্লোসা ও পাওলো মালদিনি। শুধু ম্যাচ নয়, বিশ্বকাপে সর্বোচ্চ ২৩০০ মিনিট মাঠে থাকার রেকর্ডও এখন মেসির দখলে। নতুন ফরম্যাটে একটি দল সর্বোচ্চ আটটি ম্যাচ খেলতে পারবে। ফলে নিজের রেকর্ডগুলো আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টাইন মহাতারকার সামনে।

বিশ্বকাপের মঞ্চে মেসির গল্প অনেক আগেই কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছে। এবার সেই গল্পে যুক্ত হতে পারে আরও কয়েকটি ঐতিহাসিক অধ্যায়।

AS
আরও পড়ুন