উত্তর আমেরিকা বিশ্বকাপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরে আবারও ফিরে আসছে ২০১৮ সালের স্মৃতি। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। সেই ইতিহাস মাথায় রেখেই এবার আত্মবিশ্বাসী ইংল্যান্ডের তরুণ ফুটবলার নিকো ও’রাইলি। তার লক্ষ্য, মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।
‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় ডালাসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। আট বছর আগের সেই সেমিফাইনালের স্মৃতি ম্যাচটিতে বাড়তি উত্তেজনা যোগ করেছে।
১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গ্রুপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। নতুন কোচ টমাস টুখেলের অধীনে দলটি ফ্লোরিডার গরম আবহাওয়ায় প্রস্তুতি সম্পন্ন করে বর্তমানে ক্যানসাস সিটিতে অবস্থান করছে। এখন অপেক্ষা মাঠে নামার।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ও’রাইলি জানিয়েছেন, কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দল কঠোর পরিশ্রম করেছে এবং প্রস্তুতি ম্যাচগুলোতে সবাই খেলার সুযোগ পেয়েছে।
“আমরা গরমের সঙ্গে মানিয়ে নিচ্ছি, প্রচুর অনুশীলন করেছি এবং দুটি প্রস্তুতি ম্যাচে সবাই খেলার সুযোগ পেয়েছে। এখন মাঠে নেমে সর্বশক্তি দিয়ে খেলতে হবে এবং নিজেদের সামর্থ্য দেখাতে হবে।”
তিনি আরও বলেন, “এক অর্থে এটি প্রাক-মৌসুম প্রস্তুতির মতো ছিল, তবে অনেক বেশি তীব্র। এই প্রতিযোগিতার জন্য আমাদের প্রস্তুত হতে হয়েছে এবং আমরা ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছি।”
ধারণা করা হচ্ছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে লেফট-ব্যাক হিসেবে খেলতে পারেন ২২ বছর বয়সী ও’রাইলি। প্রিমিয়ার লিগে অভিষেকের মাত্র ১৭ মাসের মধ্যে বিশ্বকাপ মঞ্চে খেলার সম্ভাবনায় দারুণ উচ্ছ্বসিত তিনি।
“এটা অবিশ্বাস্য। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছি, তা বাস্তব হওয়ার পথে। এখনও আমি তরুণ, তাই অপেক্ষা করতে পারছি না।”
তিনি বলেন, “মাঝে মাঝে নিজেকেই চিমটি কেটে দেখতে হয়, সত্যিই কি এসব ঘটছে! গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে সবকিছু খুব দ্রুত এগিয়েছে। ম্যানচেস্টার সিটির হয়ে সাফল্য পেয়েছি, আর সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে।”
টমাস টুখেলের অধীনে নতুনভাবে গড়ে ওঠা ইংল্যান্ড দলে ঐক্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন ও’রাইলি। তার মতে, দলের মধ্যে বোঝাপড়া ও বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে।
“আমাদের মধ্যে দারুণ ঐক্য রয়েছে। আমরা সত্যিই একটি ঘনিষ্ঠ দল। সবাই একসঙ্গে কাজ করছে, আর সেই বোঝাপড়া মাঠেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”
সবশেষ প্রস্তুতি ম্যাচে কোস্টা রিকাকে ৩-০ গোলে হারানোর পর আত্মবিশ্বাস আরও বেড়েছে ইংল্যান্ড শিবিরে। ও’রাইলির বিশ্বাস, সেই ধারাবাহিকতা বজায় রেখে ক্রোয়েশিয়ার বিপক্ষেও আধিপত্য বিস্তার করতে পারবে তার দল।
যাদের কাছে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা
দিয়ালোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো আইভরিকোস্ট
ইকুয়েডরের বিপক্ষে মাঠে লড়ছে আইভরি কোস্ট
১৩ মিনিটে তিন গোল, জাপানের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস