আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

আপডেট : ১৬ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির এই পূর্বাভাসের মাঝেই দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুন): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১৭ জুন): বৃষ্টির সার্বিক প্রবণতা মঙ্গলবারের মতোই বজায় থাকবে। তবে এই দিনে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন): পূর্ববর্তী দিনের মতো বৃষ্টি ও বজ্রবৃষ্টির ধারা অব্যাহত থাকবে। তবে এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার অনুমান করা হচ্ছে।

শুক্রবার (১৯ জুন): দেশের চার বিভাগে অনেক জায়গায় এবং বাকি চার বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২০ জুন): এই দিনে বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, এই ৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী দিনগুলোতে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। 

SN
আরও পড়ুন