বিশ্বকাপ ফুটবল ২০২৬-কে সামনে রেখে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন ধোপাঘাটা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রেমী তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন বয়সী সমর্থক অংশ নেন। তাদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিনি ফ্ল্যাগ। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার বিশাল পতাকা, যা সমর্থকরা বহন করেন।
এ ছাড়া আর্জেন্টিনার পতাকায় সজ্জিত প্রাইভেট কার, ছাদখোলা জিপ, বিশেষ বাইক শো, ব্যান্ড পার্টি, ডিজে টিম, আকাশি-সাদা বেলুন ও রঙিন স্মোক পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। সমর্থকদের স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে শহরজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
র্যালির আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য ও দিকনির্দেশনা দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, স্ট্রাইকার ভলান্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলান্টিয়ার আহসান জিকু, কিপার ভলান্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলান্টিয়ার সামিউল পারভেজ সামি এবং ডিফেন্ডার ভলান্টিয়ার সুলতান আল এনাম।
এ সময় ফ্যান ক্লাবের ডিফেন্ডার ভলান্টিয়ার জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদ, নয়ন, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ মিনার থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল এসে মূল শোভাযাত্রায় যুক্ত হয়। হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা এবং রঙিন বেলুন নিয়ে সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে ফুটবল উন্মাদনায় অংশ নেন তারা।