দুর্নীতি ও অনিয়ম রোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা

মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

কারা ব্যবস্থাপনাকে আধুনিক ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করতে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ হিসেবে যাত্রা শুরু করেছে মুন্সিগঞ্জ জেলা কারাগার। এই বৈপ্লবিক উদ্যোগের মাধ্যমে বন্দিদের লেনদেন ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা আনার পাশাপাশি তাদের নিরাপত্তা ও অবস্থান শনাক্তকরণ প্রক্রিয়াকেও ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। 

রোববার (২১ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ এই ঐতিহাসিক প্রযুক্তিগত রূপান্তরের তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ক্যাশলেস ও সুরক্ষিত ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কারাগারে বন্দিদের সুনির্দিষ্ট অবস্থান সহজেই শনাক্ত করা যাবে এবং ডিজিটাল পদ্ধতিতে ওয়ার্ডভিত্তিক বন্দিদের নির্ভুল গণনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

ডিজিটাল এই নিয়ম অনুযায়ী, বন্দিদের আত্মীয়স্বজনেরা কারাগারে এসে তাঁদের জন্য যে অর্থ প্রদান করবেন, তা সরাসরি ভার্চুয়ালি বন্দির নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এরপর বন্দিরা তাঁদের অনুকূলে থাকা আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কিনতে পারবেন। এর ফলে কারাগারের ভেতরে বন্দি বা কর্মীদের মাঝে কোনো ধরনের নগদ টাকার (ক্যাশ) লেনদেন হবে না। সংগৃহীত সব নগদ অর্থ সরাসরি ব্যাংকে জমা করা হবে। পরবর্তীতে জামিনে মুক্তির সময় যদি বন্দির অ্যাকাউন্টে কোনো টাকা অবশিষ্ট থাকে, তবে তা অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) মাধ্যমে বন্দিকে তাৎক্ষণিক ফেরত দেওয়া হবে।

কারা প্রশাসন সূত্রে জানা গেছে, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের দূরদর্শী পরিকল্পনা ও নির্দেশনায় এই আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’ এই প্রকল্পের কারিগরি সহযোগিতায় রয়েছে। এই উদ্যোগের ফলে কারাগারে সব ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতি রোধ হবে এবং বন্দিদের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, ‘মানবিক ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা কারাগারকে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি কারাগারের ভেতরে সম্পূর্ণ নিরাপদ লেনদেন ও স্বচ্ছ হিসাব নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই আধুনিক মডেল বাস্তবায়ন করা হতে পারে।’

SN
আরও পড়ুন