নাসিরনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, হাসপাতালে ভর্তি

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। 
 
শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী।
 
​পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করার পর পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়।
​শিশুর দাদা জানান, ঘটনার পর নাতনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে তারা বিস্তারিত জানতে পারেন। শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। পরবর্তীতে রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তৎপর রয়েছে এবং শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানান, এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানা যাবে।
MCH/SN
আরও পড়ুন