চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ অংশে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে অবস্থানরত একটি আরটিজি ক্রেনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও ঘটনাস্থলে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে বন্দরের ওই এলাকায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত কনটেইনার টার্মিনাল হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ টার্মিনালে একসঙ্গে পাঁচটি জাহাজ নোঙর করতে পারে। চারটি জেটি সমৃদ্ধ এই টার্মিনালের মাধ্যমে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেক সম্পন্ন হয়। ২০০৭ সালে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটিতে পরবর্তীতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ১৪টি কি-গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়।
মাভাবিপ্রবিতে উন্নত উপকরণ ও জ্বালানি প্রযুক্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন