দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং শিক্ষা ও শিল্পের মধ্যে একটি টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’।
বৃহস্পতিবার (২৫ জুন) মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে এই ব্যতিক্রমী সামিট অনুষ্ঠিত হয়।
এমআইএসটি-র শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি’ যৌথভাবে এই সামিটের আয়োজন করে। এটি ছিল বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের এমন একটি ইভেন্ট, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের একই মঞ্চে নিয়ে আসা হয়েছে। এই বর্ণাঢ্য আয়োজনে প্রায় ২,৫০০-এরও বেশি অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি-র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান। এছাড়া অনুষ্ঠানটির আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এমআইএসটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম।
সামিটে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের অটোমোটিভ ও ওইএম (OEM) খাতের উন্নয়ন নিয়ে ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মেধা বিকাশে এই সামিটে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল— ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন।
দর্শনার্থীদের জন্য এই ইভেন্টের মূল আকর্ষণ ছিল জমকালো কার শো, গো-কার্ট রেসিং এবং সিমুলেটর রেসিং। বিশেষ করে ‘কার শো’ প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়ি প্রদর্শন করা হয়, যা আগতদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মূল আয়োজনের আগে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার বা সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান ও হাই-পারফরম্যান্স গাড়ি উন্নয়নে অভিজ্ঞ দেশি ও বিদেশি অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনালরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।
এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সফল ইভেন্টটি বাংলাদেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশে ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ১৩ সমঝোতা স্মারক সই