গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিল শুরুর আগে একটি কারখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ব্লু প্ল্যানেট গ্রুপের মালিকানাধীন কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন।
শ্রমিকরা জানান, গত বুধবার রাতে কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যাওয়া কালার অ্যান্ড কোং লিমিটেডের শ্রমিক লিজা আক্তারের স্মরণে শনিবার সকালে কারখানার ভেতরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে কালার অ্যান্ড কোং লিমিটেড এবং পাশের বদর স্পিনিং মিলসের শ্রমিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সকাল থেকেই শ্রমিকরা কারখানায় জড়ো হতে থাকলে একপর্যায়ে কারখানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়।
কালার অ্যান্ড কোং লিমিটেডের শ্রমিক রায়হান মাহমুদ বলেন, মিলাদে অংশ নিতে বদর স্পিনিং মিলসের শ্রমিকরা এলে তাঁদের সঙ্গে কয়েকজন বহিরাগতও যোগ দেন। তারা লাঠিসোঁটা নিয়ে কারখানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন বলে তিনি দাবি করেন।
একই কারখানার শ্রমিক মো. রনি বলেন, শ্রমিকদের সঙ্গে অপরিচিত কিছু লোক এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। গতকাল ও আজ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা প্রকৃত শ্রমিকরা ঘটায়নি।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল থেকে কারখানার সামনে সড়ক ও আশপাশে সহস্রাধিক শ্রমিক অবস্থান করছিলেন। কারখানার ভেতরেও বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। ভেতরে শিল্প পুলিশের সদস্যরা মোতায়েন থাকলেও ফটকের বাইরে পুলিশের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বেলা ১১টার পর শ্রমিকরা ধীরে ধীরে সরে যেতে শুরু করেন। সোয়া ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সকালে শ্রমিকরা কারখানায় আসার সময় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা কারখানার সামনে থেকে সরে গেছেন।
রাঙামাটিতে চালের পরিবর্তে সাবান দিয়ে টিসিবির পণ্য বিতরণ
মহাসড়কে গাড়ি থামিয়ে অর্থ আদায়, প্রশ্নের মুখে দুই সমবায় সমিতি
পাগলা মসজিদে এবার মিললো ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার ঘটনায় ২ মামলা
৬ লেন মহাসড়কের দাবিতে বরিশালে মানববন্ধন
শাহজালাল মাজার পরিচালনায় মন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি