খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের স্পিকারের শ্রদ্ধা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার (৪ জুলাই) তিনি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে সহমর্মিতা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

অন্ত্যেষ্টিক্রিয়ার পাশাপাশি স্পিকার ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ খামেনির নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দুদেশের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, এই চুক্তি অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তিনি ইরানের স্পিকারকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এছাড়া স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সাথেও একটি বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহায়তা চান এবং দুদেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

পরবর্তীতে ইরান রেডিও’র বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার জানান, ইরানে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবা বৃদ্ধির জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন। আন্তর্জাতিক অঙ্গনে খামেনির এই শেষ বিদায়ের অনুষ্ঠানটি শোকের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।

SN
আরও পড়ুন