জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১আগস্ট) সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে পাটমহল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার এবং সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মমতাজ।
এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, বৈষম্য ও নানা অনিয়মের বিরুদ্ধে জনগণের গণজাগরণ। ওই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছিল।
তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। জনগণের দেওয়া গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি দাবি করে বক্তারা দ্রুত সেই রায় বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে এর জবাব জনগণই দেবে।
বিগত সরকারের আমলে অবাধ মাদকে ক্ষতিগ্রস্ত যুবসমাজ: ত্রাণমন্ত্রী
উলিপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১