জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একই স্থান ও একই সময়ে তিনটি পৃথক সংগঠন আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সব ছাত্রসংগঠনকে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে একাধিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান, জবি ছাত্রদলের সংঘর্ষ-সংশ্লিষ্ট কর্মসূচি এবং ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’-এর বিক্ষোভ কর্মসূচি। এছাড়া একই এলাকায় সকাল ১১টায় জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, একই স্থান ও সময়কে কেন্দ্র করে একাধিক কর্মসূচি ঘোষণার কারণে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রাথমিকে ভর্তিতে ফিরতে পারে লটারি পদ্ধতি
স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করলো চট্টগ্রাম বোর্ড