জবির ছয় বাসে পরীক্ষামূলক ওয়াই-ফাই চালুর উদ্যোগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা দিতে ছয়টি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মো. মাহিদ খানের উদ্যোগে এ কার্যক্রম শুরু হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে নওর, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আড়িয়াল ও ঐতিহ্য এই ছয়টি বাসে রাউটার স্থাপন করা হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় রাউটার সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া, পর্যাপ্ত ডাটা প্যাকেজ না থাকা কিংবা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়তে হয় অনেককে। এ ভোগান্তি কমাতেই বাসে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে স্পন্সর ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নির্ধারিত ছয়টি বাসে রাউটার বসানো হবে। প্রতিটি বাসে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী ওয়াই-ফাইয়ে যুক্ত হতে পারবেন। জরুরি প্রয়োজনে থাকা শিক্ষার্থীরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই ব্যবহারকারীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম মাসের ইন্টারনেট বিল জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান নিজেই বহন করবেন। পরবর্তী সময়ে সংযোগের খরচ সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের কাছ থেকে বহন করার পরিকল্পনা রয়েছে।

জকসুর নির্বাচনি ইশতেহারেও বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালুর প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন মাহিদ খান।

মাহিদ খান বলেন, যেসব শিক্ষার্থীর জরুরি প্রয়োজন নেই, তাঁদের ওয়াই-ফাই ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এতে প্রয়োজনের সময় ইন্টারনেট দরকার এমন শিক্ষার্থীরা সহজে সংযোগ পাওয়ার সুযোগ পাবেন। কোনো বাসে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে ওয়াই-ফাইয়ের সক্ষমতাও বাড়ানো সম্ভব। তবে এতে মাসিক ব্যয় বাড়বে এবং অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের বহন করতে হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর মাসে আনুমানিক ৪০ থেকে ৫০ টাকা খরচ হলেও যাতায়াতের সময় প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা পাওয়া গেলে তা শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। প্রাথমিকভাবে কার্যক্রম সফল হলে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সব বাসকে ওয়াই-ফাইয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ট্র্যাকিংয়ের জন্য জিপিএস স্থাপন করা হয়েছে। এবার পরীক্ষামূলকভাবে কয়েকটি বাসে রাউটার বসানো হচ্ছে। মাহিদ খানের উদ্যোগেই মূলত কার্যক্রমটি নেওয়া হয়েছে। আশানুরূপ ফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সব বাসে ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে।

তিনি বলেন, বাসে যাতায়াতের সময় শিক্ষার্থীরা পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত