আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলা এবং সামরিক সক্ষমতা জোরদারে ২০২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৫৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের পরিকল্পনা করছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আগস্টের শেষ দিকে এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তবে বছরের শেষ দিকে বাজেট নিয়ে আলোচনার সময় বরাদ্দ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জাপানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। তাঁর ধারণা, সব মিলিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যয় প্রায় ৬৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
প্রস্তাবিত বাজেটে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য আধুনিক প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার জন্য জাপানের আত্মরক্ষা বাহিনীকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনায় ইন্টারসেপ্টর ড্রোন, এআই-নির্ভর কমান্ড সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের ক্লাউড অবকাঠামো এবং উচ্চক্ষমতাসম্পন্ন লেজার ও মাইক্রোওয়েভ অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
এই প্রতিরক্ষা ব্যয় মূলত ২০২৩ থেকে ২০২৭ অর্থবছরের জন্য জাপানের নেওয়া পাঁচ বছর মেয়াদি ৪৩ ট্রিলিয়ন ইয়েনের সামরিক পুনর্গঠন পরিকল্পনার অংশ।
চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ২০২২ সালে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল গ্রহণের পর থেকেই প্রতিরক্ষা ব্যয় ধারাবাহিকভাবে বাড়িয়ে আসছে টোকিও।
তবে জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগ নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, টোকিওর সামরিক শক্তি বাড়ানোর ফলে পূর্ব এশিয়ায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। চীনও জাপানের সামরিক প্রস্তুতি বৃদ্ধির সমালোচনা করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
হিমাচলে বাস উল্টে নিহত ৮, আহত ১০
ভারত-চীনের ওপর ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের