কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলের পেরেইরা শহরে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এই প্রাণহানি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পেরেইরার মেয়র মাউরিসিও সালাজার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, শহরটিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশের মানিজালেস শহরে আরও দুজন নিহত হয়েছেন। এতে ভূমিকম্পে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ভেনেজুয়েলার কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে। দেশটির তাচিরা ও জুলিয়া সীমান্তবর্তী রাজ্যগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভেনেজুয়েলা সরকার।

তাচিরার গভর্নর ফ্রেদ্দি বের্নাল জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন অবকাঠামোর পরিস্থিতি মূল্যায়নে সিভিল প্রোটেকশন কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত গুরুতর ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি জানান, জরুরি সেবা সংস্থাগুলোকে মোতায়েন করা হয়েছে এবং সিভিল প্রোটেকশনের জরুরি পরিকল্পনা কার্যকর রয়েছে। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের শান্ত ও সমন্বিত থাকার আহ্বান জানান।

ভেনেজুয়েলা এর আগে গত ২৪ জুন দুটি শক্তিশালী ভূমিকম্পের পরও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। সেই পরিস্থিতির মধ্যেই নতুন করে কলম্বিয়ার শক্তিশালী ভূমিকম্পের কম্পন দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুভূত হলো।

ভূমিকম্পে কলম্বিয়ায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত