৬৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

বরগুনায় অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে সদর থানাধীন আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালি বাজারসংলগ্ন এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান আয়লা পাতাকাটা এলাকার মৃত মো. সুলতানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈকালি বাজারসংলগ্ন বৈকালি ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় হাফিজুর রহমানকে আটক করে তল্লাশি করে তার কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে বরগুনা সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

MU
আরও পড়ুন
সর্বশেষপঠিত