টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে সাত জনকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগষ্ট) দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) একলাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অনুমোদন বিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাত ব্যক্তিকে চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানার এসআই রুবেল, নৌ পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কান্নার শব্দ শুনে সদ্যোজাত কণ্যা শিশু উদ্ধার
রংপুরে শিক্ষক পরিবার হত্যা মামলার তদন্ত সংস্থা বদল