নেপালে ও তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভয়াবহ কাদা-ধসের পর অন্তত ৩৪ জন অস্ট্রেলিয়ার নাগরিক নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি জানান, দুর্যোগকবলিত এলাকা থেকে পর্যাপ্ত তথ্য বা যোগাযোগ ব্যবস্থা না থাকায় নিখোঁজদের অবস্থান নির্ণয় করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
হিমালয় অঞ্চলের একটি নদীতে পাথর ও কাদার বিশাল ধস নামায় সৃষ্ট এই প্রাণঘাতী বন্যায় নেপাল ও তিব্বত মিলে ৬০০ জন বিদেশি পর্যটকসহ এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
পেনি ওং বলেন, নিখোঁজ অস্ট্রেলীয়রা পৃথক তীর্থযাত্রা ও ভ্রমণ দলের অংশ ছিলেন। আমরা জরুরি ভিত্তিতে তাদের খোঁজ ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি।
‘হিমালয়ান গ্লেসিয়ার’ নামে এক পর্যটন সংস্থা জানায়, তাদের পরিচালিত তিব্বতের কৈলাশ পর্বত ও মানস সরোবরগামী ১৫ জন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় এই বন্যায় ভেসে গেছেন, যার মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।
সংস্থাটির প্রধান নির্বাহী সাগর পান্ডে আকাশপথে উপদ্রুত এলাকা পরিদর্শন শেষে রয়টার্সকে জানান, সেখানে বসতির কোনো চিহ্ন নেই, সবকিছু মাটির সাথে মিশে গেছে। অপহৃত বা নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা এখন ১ শতাংশেরও কম।
সূত্র: রয়টার্স
প্রিয়জনের খোঁজে হাসপাতালে ছুটছেন স্বজনরা
ইরানে ২ কোটিতে মিলছে এক কেজি মাংস!