আফ্রিকার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দুই ঘণ্টারও বেশি দূরত্বে বসবাস করেন। এর ওপর বিদ্যুৎ ঘাটতির কারণে দুর্গম এলাকার চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হয়। এই সমস্যার টেকসই সমাধানে ‘স্টেলা জুভা’ (Stella Juva) নামের বিশ্বের প্রথম সৌরচালিত অ্যাম্বুলেন্স তৈরি করে সফল পরীক্ষা চালিয়েছেন নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী।
আইন্ডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থীর তৈরি এই বিশেষ যানটি মূলত একটি সচল বা মোবাইল হেলথ ক্লিনিকের মতো কাজ করে। এটি রোগী বহনের বদলে এক্সরে মেশিন, আল্ট্রাসাউন্ড এবং ভ্যাকসিন ঠান্ডা রাখার ফ্রিজের মতো আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় বিদ্যুৎ দুর্গম এলাকায় পৌঁছে দেয়। গাড়ির ছাদে সোলার প্যানেল থাকায় এটি চলার পথেই চার্জ হতে পারে। আবার থামানো অবস্থায় বাড়তি সোলার প্যানেল মেলে ধরে শক্তি সংগ্রহ করতে পারে।
সম্প্রতি কেনিয়ার অনগ্রসর ও বিদ্যুৎহীন এলাকায় ‘আমরেফ হেলথ আফ্রিকা’ নামক সংস্থার সহায়তায় যানটির টানা ৮০০ কিলোমিটারের দীর্ঘ রোড টেস্ট করা হয়। পরীক্ষায় দেখা গেছে, সব চিকিৎসা সরঞ্জাম একসাথে চালানোর পরও ব্যবহৃত শক্তির চেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে অ্যাম্বুলেন্সটি। ফলে কোনো জ্বালানি বা বাহ্যিক বিদ্যুৎ সংযোগ ছাড়াই এটি স্বাধীনভাবে কাজ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার যেসব দুর্গম ক্লিনিকে বিদ্যুৎ নেই, সেখানে গর্ভবতী মা ও রোগীদের সেবায় এই প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। শিক্ষার্থীরা আশা করছেন, এই উদ্যোগ বিশ্বজুড়ে টেকসই প্রযুক্তির ব্যবহারে নতুন অনুপ্রেরণা জোগাবে।
সূত্র: সিএনএন
প্রাণের ভয়ে ঘরবন্দী ট্রাম্পের ছোট ছেলে ব্যারন!
যুবদল নেতা নয়নের দুই ফোনেই এখন চার্জ থাকে?