পিকঅ্যাক্স মাউন্টেনে তৎপরতায় ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে নতুন করে কিছু তৎপরতা দেখা যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেছেন, সেখানে কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর হামলা চালাতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনসংক্রান্ত সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনে সামান্য তৎপরতা তারা লক্ষ্য করেছেন। ইরানকে সেখানে বাড়তি কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তেহরান যদি এমন কিছু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উসকানিমূলক মনে হয়, তাহলে এর জবাব হবে অত্যন্ত কঠোর।

ইরানের নাতাঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি সুরক্ষিত সামরিক স্থাপনা। সেখানে মাটির অনেক গভীরে নির্মিত দুটি সুড়ঙ্গভিত্তিক স্থাপনা রয়েছে বলে জানা গেছে।

ট্রাম্প গত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়ে আসছেন। এবার সেখানে নতুন তৎপরতার দাবি করে তিনি ফের ইরানকে সতর্ক করলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় বিষয়টি এখন ট্রাম্প প্রশাসনের জন্যও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি ট্রাম্প ও তার রিপাবলিকান দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

তবে পিকঅ্যাক্স মাউন্টেনে ঠিক কী ধরনের তৎপরতা দেখা গেছে বা এর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো নতুন পদক্ষেপ জড়িত কি না, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন