পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে আরাঘচির বৈঠক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি-মোগাদ্দাম দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমিরি-মোগাদ্দাম পাকিস্তানের সঙ্গে ইরানের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করতে ইরানি দূতাবাসের নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কেও পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন তিনি।

এ সময় পাকিস্তান সরকারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন আরাঘচি। বিশেষ করে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ইসলামাবাদের সহযোগিতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ও ধারাবাহিক পরামর্শ অব্যাহত রাখা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারেও এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে ইরান-পাকিস্তান সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করার পাশাপাশি অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন